ইয়েমেন থেকে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ক্ষেপণাস্ত্রটি ধেয়ে আসার সময় দক্ষিণ ইসরায়েলের বিস্তৃত অঞ্চল জুড়ে সতর্কতা সংকেত বেজে ওঠে। বিশেষ করে ডিমোনা থেকে শুরু করে উপকূলীয় শহর আশকেলন পর্যন্ত এলাকাগুলোতে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক সূত্র। সূত্র- আল জাজিরা