নিউজ ডেস্ক:
পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা ও আওয়ামী লীগ নেতা রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পাবনা সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা সম্প্রতি পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, “গতকাল রাতে একটি বিশেষ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পাবনা আওয়ামী লীগ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।