February 27, 2026, 4:25 am

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Thursday, February 26, 2026
  • 18 Time View

নিউজ ডেস্ক:
চলতি বছরের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচনের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ। এ পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস। তবে আলোচনায় থাকা ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বর্তমানে দায়িত্বে না থাকায় তার পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরো জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। ভোটের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। এর আগে ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক গ্রুপ অফ স্টেটস থেকে এবার সভাপতি নির্বাচন করা হবে।

৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে ফিলিস্তিনকে আসন ছেড়ে দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ফিলিস্তিনের দাবি, কয়েকটি দেশের কূটনৈতিক চাপে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৬-১৭ মেয়াদে ৭১তম অধিবেশনে সহসভাপতির দায়িত্ব পালন করে বাংলাদেশ। প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com