বরগুনা-২ আসনে বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনে বিজয়ী নূরুল ইসলাম মনি। এ সময় মনি প্রতিদ্বন্দ্বী সুলতানের সঙ্গে কোলাকুলি করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী গ্রামে অবস্থিত জামায়াত প্রার্থীর বাড়িতে যান। এ সময় বরগুনা-২ আসনের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে নূরুল ইসলাম মনি বলেন, আমরা দুই ভাইয়ের মতো। ৪০ বছরেরও বেশি সময় ধরে আমাদের সম্পর্ক। সুলতান ভাই আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি ঠিকই, কিন্তু আল্লাহর রহমতে আমরা দুজনই বিজয়ী।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বড় ভাই হিসেবে সুলতান আহমেদের পরামর্শ নিয়ে কাজ করবেন। সুলতান ভাই আমার বড় ভাই, আপনারাও তাকে সে ভাবেই দেখবেন।
অপরদিকে ডা. সুলতান আহমেদ বলেন, জয়-পরাজয় সব ক্ষেত্রেই আছে। খেলাধুলা যেমন হয়, নির্বাচনও তেমনি। এখন দেখার বিষয় কীভাবে সরকার গঠন হয়। দেশের জন্য ভালো কিছু হলে সেটাই কাম্য। তিনি পাথরঘাটা, বামনা ও বেতাগী এলাকায় দলের কর্মীদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বরগুনা-২ আসনে ১২২টি কেন্দ্রের ফলাফলে নূরুল ইসলাম মনি পেয়েছেন ৮৯ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. সুলতান আহমেদ পেয়েছেন ৮৩ হাজার ১৫ ভোট।