August 22, 2026, 10:15 am

বন্ধ শিল্প ও কৃষিসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণে ৪১ হাজার কোটি টাকার তহবিল

Reporter Name
  • Update Time : Friday, August 21, 2026
  • 11 Time View

দেশের উৎপাদনশীল খাত চাঙ্গা করা, নতুন কর্মসংস্থান তৈরি এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ৪১ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন প্যাকেজ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংকগুলোর অলস পড়ে থাকা তারল্য কাজে লাগিয়ে এই তহবিল গঠন করা হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে সাতটি বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোনালী, ব্যাংক এশিয়া, ইস্টার্ন, সিটি, ডাচ্-বাংলা, পূবালী ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সামগ্রিকভাবে ৬০ হাজার কোটি টাকার অর্থায়ন উদ্যোগের অংশ হিসেবে এই ৪১ হাজার কোটি টাকা পাঁচটি পৃথক খাতে বিনিয়োগ করা হবে। এর মধ্যে বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি, কৃষি ও পল্লী উন্নয়নে ১০ হাজার কোটি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (সিএমএসএমই) ৫ হাজার কোটি এবং রপ্তানি বহুমুখীকরণ ও উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ জানিয়েছেন, সহজ শর্তে এবং সাশ্রয়ী সুদে উদ্যোক্তাদের কাছে ঋণ পৌঁছে দেওয়াই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই তহবিল ব্যবহারের মাধ্যমে অর্থনীতির স্থবিরতা দূর হবে এবং তৃণমূল পর্যায় থেকে শুরু করে শিল্পায়ন প্রক্রিয়া ত্বরান্বিত হবে, যা দেশের সার্বিক কর্মসংস্থানে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com