দীর্ঘদিন ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তাপ ক্রমশ বাড়ছে। গত শুক্রবার সম্মুখসারিতে দুই বাহিনীর মধ্যে ১৭২টি দফায় বড় ধরনের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে পোকরোভস্ক অঞ্চলে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে, যেখানে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় ৩৫ জন রুশ সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও এই সংঘর্ষে রাশিয়ার ১৪ জন সেনা আহত হয়েছে এবং রুশ বাহিনীর বেশ কিছু সামরিক সরঞ্জাম ও একটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ধ্বংস করেছে ইউক্রেন।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, গত এক সপ্তাহে তাদের বাহিনী খারকিভ, জাপোরঝিয়া ও দোনেৎস্ক অঞ্চলের ১১টি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বিশেষ করে পোকরোভস্ক ফ্রন্টে রুশ সেনারা বড় ধরনের আক্রমণ চালিয়েছে, যেখানে বিপুল সংখ্যক বিমান হামলা ও ড্রোন ব্যবহার করা হয়েছে। যদিও রাশিয়ার পক্ষ থেকে তাদের হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
ইউক্রেনীয় জেনারেল স্টাফের তথ্যানুসারে, কোস্তিয়ানতিনিভকা, স্লোভিয়ানস্ক ও লিমানে রুশ বাহিনীর অগ্রযাত্রার চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে তাদের সেনারা। তবে কুপিয়ানস্ক ও দনিপ্রো নদী এলাকায় আপাতত রুশ বাহিনীর কোনো আক্রমণাত্মক অভিযান লক্ষ্য করা যায়নি। সামগ্রিকভাবে ফ্রন্টলাইনের অন্যান্য এলাকায় পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।