March 4, 2026, 2:20 pm
Title :
দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে ড্রোন হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত গলা কেটে শিশু হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার ‘সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে দাঁড়ালে তা হবে জনপ্রত্যাশার পরিপন্থি’ সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগে মুখ খুললেন তিশা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচনের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানালেন প্রতিমন্ত্রী ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৪, আহত ৬ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইকরা আত্মহত্যা মামলায় আসামি নন তিথি, জানাল পুলিশ ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে ড্রোন হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত

Reporter Name
  • Update Time : Wednesday, March 4, 2026
  • 7 Time View

দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে অবস্থান নেওয়া পুলিশের একটি গাড়ি। ছবি: এএফপি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার আজ (৪ মার্চ) পঞ্চম দিন। হামলার প্রথম দিন শনিবারেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত নয়জন।

যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।

একটি সাবমেরিনসহ ইরানের ১৭টি জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে দেশটির একটি সাবমেরিনসহ অন্তত ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর প্রধান মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় বলেন, ‘সহজ কথায়, আমাদের লক্ষ্য হলো এমন সব সক্ষমতা ধ্বংস করা, যা আমাদের ওপর হামলা চালাতে পারে।’ তিনি জানান, বি-২ ও বি-১ বোমারু বিমানের মাধ্যমে অত্যন্ত নিখুঁত ও ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনা করা হচ্ছে।

অ্যাডমিরাল কুপার আরও বলেন, ‘আমরা পুরো ইরানি নৌবাহিনীকে কার্যত অচল করে দিচ্ছি। এ পর্যন্ত আমরা ১৭টি জাহাজ ধ্বংস করেছি। এর মধ্যে ইরানের সবচেয়ে কার্যকর সাবমেরিনটিও রয়েছে, যা এখন সম্পূর্ণ অকেজো।’

তিনি দাবি করেন, কয়েক দশক ধরে ইরান আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটালেও বর্তমানে আরব উপসাগর, হরমুজ প্রণালী কিংবা ওমান উপসাগরে কোনো ইরানি জাহাজ সচল নেই। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা থামব না।’

ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের নৌবাহিনীকে ধ্বংস করাই এ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। অ্যাডমিরাল কুপার জানান, মিশনে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা ও ২০০টির বেশি যুদ্ধবিমান অংশ নিচ্ছে এবং দিন-রাত ২৪ ঘণ্টা হামলা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘অভিযান শুরুর ১০০ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই আমরা দুই হাজারের বেশি যুদ্ধাস্ত্র ব্যবহার করে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি।’

অ্যাডমিরাল কুপার আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এ পর্যন্ত ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুই হাজারের বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তবে তার দাবি, তেহরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে।

লেবাননের বালবেকে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত, আহত ৬

লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলার খবর পাওয়া গেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। আজ ভোরের দিকে শহরটির আল মিত্রবা এলাকায় অবস্থিত একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার ফলে ভবনটি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও সেখানে কাজ করে যাচ্ছেন।

ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের সাম্প্রতিক হামলার জবাবে ইরান থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

গত কয়েক ঘণ্টায় ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের বিষয়ে দেশবাসীকে সতর্ক করার পাশাপাশি ইসরায়েলি নাগরিকদের মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার রাতে তোলা এই ছবিতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে। ছবি: ইপিএ
ইসরায়েল আরও জানিয়েছে, তারা লেবানন থেকেও ছোঁড়া বেশ কিছু রকেট বা প্রজেক্টাইল শনাক্ত করেছে। উল্লেখ্য, লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী আগে থেকেই হামলা চালিয়ে আসছিল।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ধেয়ে আসা সব ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল সফলভাবে প্রতিহত করা হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত: অধিকার গোষ্ঠী

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে অন্তত ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে। এছাড়া হামলায় আহত বেসামরিক মানুষের সংখ্যা ৫,৪০২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০০ জন শিশু।

এইচআরএএনএ আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা সামরিক ঘাঁটির পাশাপাশি চিকিৎসা কেন্দ্র এবং সাধারণ মানুষের আবাসিক এলাকাগুলোতেও আঘাত হেনেছে।

ইরানে প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার দাবি

শনিবার থেকে শুরু হওয়া অভিযানে ইরানে প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, এই হামলায় একটি সাবমেরিনসহ ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় অ্যাডমিরাল কুপার বলেন, ‘এই অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০,০০০-এরও বেশি সেনা, ২০০টি যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরি এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। আরও শক্তি ও সরঞ্জাম আসার পথে রয়েছে।’

তেহরানের ফেদওসী স্কয়ারের কাছে বিমান হামলার পর ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: ইপিএ/শাটারস্টক
তিনি এই সামরিক তৎপরতাকে গত এক প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ হিসেবে অভিহিত করেছেন।

অ্যাডমিরাল কুপার আরও জানান, ২০০৩ সালে ইরাক আক্রমণের শুরুর দিকে চালানো বিখ্যাত ‘শক অ্যান্ড অ্যাউ’ বোমা হামলার চেয়েও প্রায় দ্বিগুণ আক্রমণ এবার ইরানের ওপর চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

তিনি দাবি করেন, ‘আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছি এবং তাদের কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণ যন্ত্র (লঞ্চার) ও ড্রোন ধ্বংস করেছি।’

সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে গত সোমবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় দূতাবাসের ভেতরে থাকা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র একটি স্টেশন আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব কর্তৃপক্ষ রিয়াদের ওই দূতাবাস চত্বরে দুটি ড্রোন আঘাত হানার খবর নিশ্চিত করেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গোয়েন্দা কেন্দ্রটিই হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওয়াশিংটন পোস্টের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, এই হামলার ফলে দূতাবাসের ছাদের একটি অংশ ধসে পড়েছে এবং ভেতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার কারণে দূতাবাস ভবনটি কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনের ভেতরেই নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক যোগাযোগ স্থাপনায় ইরানের হামলা

শনিবার থেকে ইরানের চালানো হামলায় মধ্যপ্রাচ্যের অন্তত সাতটি মার্কিন সামরিক ঘাঁটির যোগাযোগ ও রাডার ব্যবস্থার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস-এর স্যাটেলাইট ছবি ও যাচাইকৃত ভিডিও বিশ্লেষণ থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ছবিতে দেখা যায়, ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তে ব্যবহৃত রাডার ব্যবস্থা, স্যাটেলাইট ডিশ এবং ‘রাডোম’ (সংবেদনশীল যোগাযোগ যন্ত্র রক্ষাকারী বিশেষ আচ্ছাদন) কিংবা এর আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সরঞ্জাম মূলত দীর্ঘ দূরত্বে সামরিক যোগাযোগ বজায় রাখার কাজে ব্যবহৃত হয়।

ক্ষতিগ্রস্ত আল উদাইদ এয়ার বেস, কাতার। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
মার্কিন সামরিক যোগাযোগ স্থাপনা অত্যন্ত গোপনীয় হওয়ায় ঠিক কোন কোন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে হামলার স্থানগুলো পর্যালোচনা করে দেখা যায়, ইরান মূলত মার্কিন সামরিক বাহিনীর যোগাযোগ ও সমন্বয় সক্ষমতা ব্যাহত করতেই এসব স্থাপনায় আঘাত হেনেছে।

সংযুক্ত আরব আমিরাত উপকূলে জাহাজে হামলা

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলে একটি জাহাজে ‘অজ্ঞাত কোনো বস্তু’ বা প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)।

ইউকেএমটিও মূলত ব্রিটিশ নৌবাহিনীর নেতৃত্বাধীন একটি সংস্থা, যা সামুদ্রিক নিরাপত্তার স্বার্থে বাণিজ্যিক জাহাজ এবং সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে থাকে।

সংস্থাটি জানায়, এই হামলার ফলে জাহাজটির বাইরের ইস্পাতের আবরণ (স্টিল প্লেটিং) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে কোনো ‘আগুন লাগেনি এবং ভেতরে পানিও ঢোকেনি’।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজের সকল নাবিক ও কর্মী নিরাপদ রয়েছেন। কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছে বলে ইউকেএমটিও জানিয়েছে।

লেবাননের বালবেক শহরে ইসরায়েলি বিমান হামলা, নিহত বেশ কয়েকজন

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর বালবেকের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে ভবনটি ধসে পড়ায় অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৮

লেবাননের মাউন্ট লেবানন এলাকার আরামউন ও সাদিয়াত অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী এই হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

৩ মার্চ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলো থেকে ধোঁয়া উঠছে। ছবি: এপিএ/শাটারস্টক
এর আগে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসরায়েলি ‘আগ্রাসনে’ দেশটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মূলত গত কয়েকদিন ধরে চলা বিমান হামলার কারণে হতাহতের এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

লেবাননের ১৬টি গ্রাম ও শহরের বাসিন্দাদের সরে নির্দেশ ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ১৬টি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে। এলাকাগুলোর মধ্যে মাজদাল সেলম, হুলা এবং শাকরা অন্তর্ভুক্ত রয়েছে।

আকাশসীমায় প্রবেশ করা ৯টি ড্রোন ধ্বংস করল সৌদি আরব

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা নয়টি ড্রোনকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করার পর ধ্বংস করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনগুলোকে আকাশেই বাধা দেওয়া হয় এবং সফলভাবে ধ্বংস করা হয়েছে।

দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দুবাই মিডিয়া অফিসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে দুবাই মিডিয়া অফিস জানায়, ‘দূতাবাসের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে জরুরি সেবা দলের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দূতাবাসের আশপাশে ধোঁয়া ওঠার দৃশ্য দেখা যায়। আল জাজিরা কর্তৃপক্ষ ভিডিওটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com