যুদ্ধ পরিস্থিতির কারণে শনিবার ঢাকায় মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন এয়ারলাইন্সের ২০টি এবং চট্টগ্রামে ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে গত আট দিনে ৩৪৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিল হওয়া ব্যক্তিদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বলে এর আগে অনেকে অভিযোগ করেছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে।
আরিফুল হক শনিবার সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট দেশের সরকারকে জানানো হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
আরিফুল হক হলি উৎসব মণিপুরি সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব উল্লেখ করে বলেন, মণিপুরি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। তিনি সম্প্রতি সিলেট নগরীতে ছিনতাই বেড়ে যাওয়া প্রসঙ্গে বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।
ঢাকায় ২৬৮ ফ্লাইট বাতিল
যুদ্ধ পরিস্থিতির কারণে শনিবার ঢাকায় মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন এয়ারলাইন্সের ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ৮ দিনে ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি পরিচালিত হয়েছে ২১৪টি ফ্লাইট। এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহম্মাদ কাউছার মাহমুদ।
চট্টগ্রামে বাতিল ৮০ ফ্লাইট
যুদ্ধের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০টিতে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে। তাই যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’