শ্রীলংকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর থেকে বিদায় করে; সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল।
সুপার এইটে পরপর দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিল বিশ্বকাপের সহ স্বাগতিক শ্রীলংকা।
নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবিন্দ্র ৪ ওভারে মাত্র ২৭ রানে ৪ উইকেট শিকার করেন। ২ ওভারে মাত্র ৩ রানে ২ উইকেট নেন ম্যাট হেনরি। একটি করে উইকেট নেন মিচেল সেন্টনার ও গ্লেন ফিলিপস।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। একটা পর্যায়ে ৮৪ রানে নিউজিল্যান্ড হারায় ৬ উইকেট।
সেখান থেকে দলকে টেনে তুলেছেন দুই অলরাউন্ডার ম্যাকনকি ও স্যান্টনার। ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়েছেন তারা।
ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে স্যান্টনার করেছেন ২৬ বলে ৪৭ রান। ২৩ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন ম্যাকনকি।
ম্যাকনকি ও স্যান্টনার শেষ ৪ ওভারে স্কোর বোর্ডে যোগ করেন ৭০ রান। তাদের এমন দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে নিউজিল্যান্ড।