নিউজ ডেস্ক:
সংবিধান সংস্কার পরিষদ গঠন ও অধিবেশন আহ্বান প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে বিষয়টি জাতীয় সংসদেই উত্থাপন করবে বিরোধী দল। এ কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাহিদ বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর বিরোধীদল তাদের বক্তব্য তুলে ধরবে। এরপর সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে সরকারের মনোভাব কী? তারপর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে ১১ দলের এক বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই বর্তমান সরকারের শেষ অধিবেশন হতে পারে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল। আগামী ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে জানতে চাওয়া হয়, সংবিধান সংস্কার কমিশন নিয়ে সভায় কোনো আলোচনা হয়েছে কি না। জবাবে তিনি বলেন, বিষয়টি ওই দিনের কার্যসূচিতে ছিল না।
তবে তিনি জানান, সংবিধান সংস্কারের বিষয়টি সরকার সংসদের মাধ্যমেই নিষ্পত্তি করতে চায়।