নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি বার্তা সংস্থা এএফপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
তেহরানে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু দেশ এরই মধ্যে হরমুজ প্রণালি দিয়ে তাদের জাহাজ পার করার বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। তার কথায়, ‘কিছু দেশ প্রণালি পার হওয়ার বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছে এবং আমরা তাদের সঙ্গে সহযোগিতা করেছি।’
তবে তিনি স্পষ্ট করে বলেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিয়েছে, তারা যেন এই জলপথ দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা না পায়—এটাই তেহরানের অবস্থান।
মাজিদ তখত-রাভানচি বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি, যেসব দেশ আগ্রাসনে যোগ দিয়েছে তারা হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা পাওয়া উচিত নয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে সম্প্রতি এই রুটে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
সূত্র: আল-জাজিরা