March 27, 2026, 6:47 pm

যে কারণে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো বিদেশি রাউটার ব্যবহারও

Reporter Name
  • Update Time : Friday, March 27, 2026
  • 5 Time View

চীনের জনপ্রিয় ব্র্যান্ড টিপি-লিংকসহ সব ধরনের বিদেশি ইন্টারনেট রাউটারের ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছে বিবিসি।

সোমবার ‘ব্যবহারের জন্য যথেষ্ট নিরাপদ নয়’ এমন সরঞ্জামের হালনাগাদ তালিকায় বিদেশি রাউটার যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় যোগাযোগ কমিশন (এফসিসি) এ তালিকা প্রকাশ করেছে।

মূলত, নতুন তালিকায় যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি সব ধরনের রাউটার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, গত বছরের শেষের দিকে বিদেশে তৈরি ড্রোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।

এফসিসি এক বিবৃতিতে জানায়, ‘বিদেশে নির্মিত রাউটারের নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতিকারী যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে ইন্টারনেট নেটওয়ার্কে হামলা ও বিঘ্ন সৃষ্টি, গুপ্তচরবৃত্তি এবং মেধাসত্ত্ব চুরির মতো অপরাধে জড়িত হচ্ছে।’

তবে এফসিসি নিশ্চিত করেছে, যারা ইতোমধ্যে বিদেশি রাউটার ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু নতুন করে কেউ আর দেশের বাইরে তৈরি রাউটার কিনতে বা ব্যবহার করতে পারবেন না।

রাউটারের মাধ্যমে খুব সহজেই দুষ্কৃতিকারীরা নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশ করতে পারে—এমন উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর একাধিক সাইবার হামলার পর মার্কিন রাজনীতিতে রাউটার নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে। অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া চীনা রাউটার টিপি-লিংক এই উদ্বেগের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

এখন থেকে যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি কোনো রাউটার আমদানি, বাজারজাত বা বিক্রির আগে এফসিসির অনুমোদন নিতে হবে। এই অনুমোদন পেতে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রথমত, শর্তসাপেক্ষে অনুমোদনের জন্য রাউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সব বিনিয়োগকারী ও প্রভাবশালী ব্যক্তিদের পরিচয় এফসিসিকে জানাতে হবে। একই সঙ্গে রাউটার উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের সুনির্দিষ্ট পরিকল্পনাও জমা দিতে হবে।

এফসিসি জানিয়েছে, প্রতিরক্ষা দপ্তর বা হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের অনুমোদনের ভিত্তিতে কিছু বিদেশি রাউটার নিষিদ্ধ তালিকা থেকে বাদ যেতে পারে। তবে এখনো কোনো নির্দিষ্ট রাউটারের নাম উল্লেখ করা হয়নি।

সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে মার্কিন সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া এবং জননিরাপত্তা ও অবকাঠামোর ওপর সাইবার হামলার আশঙ্কা। এফসিসি আরও উল্লেখ করে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ভোল্ট, ফ্ল্যাক্স ও সল্ট টাইফুন নামে পরিচিত তিনটি সাইবার হামলার পেছনে রাউটারের ভূমিকা ছিল। মার্কিন তদন্তে এই তিন হামলার জন্য চীনকে দায়ী করা হয়েছে। বিশ্বের বেশিরভাগ ইন্টারনেট রাউটারই তাইওয়ান ও চীনে তৈরি হয়।

রাউটারের ডিজাইন যুক্তরাষ্ট্রে হলেও যদি তা বিদেশে তৈরি হয়, সেগুলোও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। মার্কিন রাউটার ব্র্যান্ডগুলোর মধ্যে নেটগিয়ার সবচেয়ে জনপ্রিয় হলেও তারা যুক্তরাষ্ট্রে উৎপাদন করে না।

বড় ব্র্যান্ডগুলোর মধ্যে কেবল ইলন মাস্কের স্টারলিংক দাবি করে, তাদের ইন্টারনেট সংযোগে ব্যবহৃত রাউটারগুলো যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com