বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়েছে এবং আগামীতে ধাপে ধাপে প্রতিটি খাতে জিডিপির পাঁচ শতাংশ করে বরাদ্দ দেয়া হবে। শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলার লাক্কাতুরায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত বিনামূল্যে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা ও চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেটে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে; এর মধ্যে ২৫০ শয্যার একটি হাসপাতাল চালুকরণ অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। তিনি আরও জানান যে, চা বাগান এলাকাগুলোতেও শিগগিরই স্থানীয় মানুষের জন্য স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে যাতে সাধারণ চিকিৎসার জন্য দূরত্ব পাড়ি দিয়ে শহরে যেতে না হয়।
যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও পণ্যের ওপর পেট্রোলিয়ামের দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূর্বঘোষিত শুল্কের ১৫০ দিনের মেয়াদ শেষে নতুন নামে পুরোনো শুল্কই পুনর্বহাল হয়েছে, কোনো অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়নি। আন্তর্জাতিক বাজারের ওঠানামার মধ্যেও সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করছে এবং বর্তমানে তেলের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক আব্দুল আল মামুন সভাপতিত্ব করেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত অনুষ্ঠানের পরিচালনা করেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান।