সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চ মাত্র ১১ কার্যদিবসের বিশেষ উদ্যোগে ৫০ হাজার ৩২৫টি পুরোনো ফৌজদারি মিস মামলা নিষ্পত্তি করেছে। গত ৬ আগস্ট নতুন করে আরও ৬ হাজার ৯৬৮টি মামলা নিষ্পত্তির মধ্য দিয়ে এই বিশাল কর্মযজ্ঞে সাফল্যের মাইলফলক স্পর্শ করা হয়েছে।
গত ৭ মে থেকে শুরু হওয়া এই বিশেষ কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ২৩২টি ফৌজদারি ও রিট মামলা নিষ্পত্তি হয়েছে। মূলত বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘব, আদালতে জমে থাকা দীর্ঘদিনের মামলার জট কমানো এবং বিচারিক কার্যক্রমের গতিশীলতা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য অনুযায়ী, বিচারকগণ নিয়মিতভাবে এই বিশেষ কার্যক্রম অব্যাহত রেখেছেন, যা ভবিষ্যতে আরও বেশি মামলার দ্রুত সুরাহা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।