রাজধানীর উত্তরার র্যাব-১ কার্যালয়ের অদূরে ডিএল পেট্রোল পাম্পের প্রায় সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার সকালে পেট্রোল পাম্পের বিক্রিত ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় একদল ছিনতাইকারী গাড়িটি আটকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তিনটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক তাসীন আক্তার হক, যিনি প্রয়াত রাজনীতিবিদ খুরশীদ জাহান হকের সন্তান।
পেট্রোল পাম্প সূত্রে জানা যায়, ব্যাংক বন্ধ থাকায় শুক্র ও শনিবারের জমানো টাকা রোববার একসঙ্গে জমা দেওয়া হতো। ছিনতাইকারীরা নিয়মিত এই রুট এবং টাকার পরিমাণ সম্পর্কে পূর্বপরিকল্পিতভাবে তথ্য জানত কি না, তা নিয়ে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর পাম্পের ম্যানেজার বাদী হয়ে উত্তরা থানায় একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব না হলেও পুলিশ ও একাধিক গোয়েন্দা ইউনিট রহস্য উন্মোচনে অনুসন্ধান চালাচ্ছে।