ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার দেশের অলাভজনক ও অকার্যকর রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বন্ধের এক সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন। চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৭৫০টিরও বেশি সরকারি প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট জানান, দেশজুড়ে ছড়িয়ে থাকা ১ হাজার ৭৪টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সিংহভাগই কার্যত উৎপাদনহীন, যা রাষ্ট্রের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলোর অনিয়ম খতিয়ে দেখতে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ আদালত গঠনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
এই ব্যাপক পুনর্গঠন প্রক্রিয়াকে বিশ্বের অন্যতম বৃহত্তম করপোরেট সংস্কার হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট প্রাবোও। এরই মধ্যে ২৯০টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং বছর শেষে কার্যকর প্রতিষ্ঠানের সংখ্যা ৩০০-তে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে সরকারি খাতে ইতিমধ্যে প্রায় ২.৮ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ সাশ্রয় হয়েছে। মূলত পরিচালনা পর্ষদের বিলাসিতা, রক্ষণাবেক্ষণ খরচ ও অহেতুক ভ্রমণ ব্যয় কমিয়ে রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের ওপর জোর দিচ্ছে বর্তমান সরকার।