গাজীপুরের শ্রীপুরে কৃষকদলের এক স্থানীয় নেতার কার্যালয় লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আরএকে সিরামিক কারখানার সামনে এ হামলার ঘটনা ঘটে। আক্রান্ত ব্যক্তির নাম জজ মিয়া, যিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী জজ মিয়া জানান, ঘটনার সময় তিনি তার কার্যালয়ে অবস্থান করছিলেন। মোটরসাইকেলে আসা তিনজন ব্যক্তি লেজার লাইট দিয়ে তাকে লক্ষ্যস্থির করে পরপর কয়েকটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লে জজ মিয়া অসুস্থ হয়ে পড়েন, পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।