ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। রোববার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক স্কট হার্টম্যান নেতৃত্ব দেন। সাক্ষাতের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামসহ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী ১৭ সেপ্টেম্বর মার্কিন সংবিধান দিবস উপলক্ষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে যৌথ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংবিধানিক আইন নিয়ে গবেষণা, দ্বৈত ডিগ্রি (ডুয়াল ডিগ্রি) প্রোগ্রাম চালু এবং মার্কিন বিশেষজ্ঞদের উপস্থিতিতে নিয়মিত সেমিনার ও লেকচার আয়োজনের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
আলোচনাকালে উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংরক্ষণে মার্কিন দূতাবাসের অবদানের জন্য তাদের বিশেষ ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষায় ভবিষ্যতেও মার্কিন দূতাবাসের সক্রিয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।