ইরানে আগ্রাসন চালানোর কাজে অংশ নিলে—এর ফল যেকোনো দেশের জন্য ‘বুমেরাং’ হবে; অর্থ্যাৎ ইরানের পাল্টা হামলার মুখে পড়তেই হবে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর বেলায়েতি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ—এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, ‘ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে যে কেউ অংশ নেবে, তা অবশ্যই বুমেরাংয়ের মতো তাদের দিকেই ফিরে যাবে।’ তিনি ইঙ্গিত দেন যে প্রতিশোধমূলক পদক্ষেপের ক্ষেত্রে পারস্য উপসাগর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে।
সতর্ক করে আলি আকবর বেলায়েতি বলেন, ‘পারস্য উপসাগরের ভৌগোলিক অবস্থান কোনো পরিণতি ছাড়া থাকতে পারে না। ইরানের জাতীয় নিরাপত্তাকে হুমকি দেওয়া পক্ষগুলোর ক্ষতির কারণ হবে—এমন ঘটনা অবশ্যই ঘটবে।’
গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওইদিন তেহরানে বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন।
প্রতিশোধ হিসেবে ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা শুরু করে। যা এখনও অব্যাহত রয়েছে। ইরান কোনো ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে।
তথ্যসূত্র: নিউজ.এম