কতিপয় দুষ্কৃতকারী ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করতে দেশের নানা জায়গায় অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি এবং এটি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সব ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হবে।
সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা পয়সায় এই কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান।
কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রী আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও আর্থিক সচ্ছলতা নিশ্চিতে সারাদেশে পরিবারগুলোর কাছে ফ্যামিলি কার্ড তুলে দিতে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা এই পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবেন।
সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী জানান, আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন।