March 29, 2026, 3:45 am

হঠাৎ গাড়ি থামিয়ে নিজে কবরে নেমে লাশ দাফন করলেন তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026
  • 17 Time View

রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে নিজেই কবরে নেমে দাফন কাজে অংশ নেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে তিনি এ দাফন কাজে অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর এই মানবিক কাজের ছবি ও সংবাদ ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

শুক্রবার বিকালে উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে উপজেলা সদরে ফিরছিলেন তিনি। ফেরার পথে হঠাৎ তার নজরে আসে সড়কের পাশেই একটি কবরস্থানে এক ব্যক্তির লাশ দাফন করা হচ্ছে। বিষয়টি দেখার সঙ্গে সঙ্গেই গাড়িবহর থামিয়ে মানবিক কাজে অংশ নেন তিনি।

প্রত্যক্ষদর্শী নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব মো. এনামুল কাদির বলেন, সরকারি প্রটোকল উপেক্ষা করে গাড়ি থেকে নেমে সোজা কবরস্থানে চলে যান প্রতিমন্ত্রী। কোনো দ্বিধা বা সংকোচ না করে নিজেই কবরে নেমে পড়েন এবং লাশ খাটিয়া থেকে নামিয়ে কবরে শায়িত করার কাজে সরাসরি শরিক হন। একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে অংশ নিতে দেখে আমরা অভিভূত হই।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, একজন প্রতিমন্ত্রী এভাবে সাধারণ মানুষের লাশের খাটিয়া ধরবেন এবং কবরে নেমে দাফন করবেন- এটা কল্পনাও করা যায় না। তার এই সাদামাটা জীবন আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।

জাহাঙ্গীরপুর ইউনিয়নের সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা বলছেন, পদের অহংকার ভুলে মাটির মানুষের কাছে ফিরে আসার এ দৃশ্য বর্তমান সময়ে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন জনপ্রতিনিধির এমন মানবিক আচরণ সমাজের অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। এরপর তিনি তার গন্তব্যের উদ্দেশে রওনা হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com