বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম ও হত্যার দায়ে অভিযুক্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়, যেখানে আজ তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, গত ২১ জুন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইলিয়াস আলী অপহরণের ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে। এরপর ২৬ জুলাই সামরিক বাহিনীর বিশেষ শাখা তাকে আটক করে। তৎকালীন র্যাব গোয়েন্দা শাখায় দায়িত্বরত সাইফুরের বিরুদ্ধে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানী থেকে ইলিয়াস আলী ও তার চালক নিখোঁজ হন, যা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অন্যতম আলোচিত গুমের ঘটনা হিসেবে পরিচিত।