চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সাতজন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে বেনীপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন নবদুর্গাপুর গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে তাদের আটক করে। বিজিবি সদস্যরা জানান, কাঁটাতারহীন ওই সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে ঢোকার পরিকল্পনা ছিল তাদের।
আটককৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লার রেশমী আক্তার, টাঙ্গাইলের শরিফা আক্তার, বাগেরহাটের শিলা খানম, রাজবাড়ীর রাশিদা খাতুন, পাবনার আসিয়া খাতুন এবং যশোরের কাজল ও হাওয়া বিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, কোনো প্রকার বৈধ পাসপোর্ট বা নথিপত্র ছাড়াই তারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আইনে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পারাপার এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিজেদের নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।