ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক এক বর্ণাঢ্য কনসার্ট। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টা থেকে শুরু হতে যাওয়া এই উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
মুনসুন কালচারাল এলায়েন্সের আয়োজনে এই কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে পারসা মাহজাবীন, সেজান, আসিফ আকবরসহ আর্বোভাইরাস, কুড়েঘর, শিরোনামহীন, আর্ক (হাসান), এভয়েড রাফা ও আর্টসেলের মতো খ্যাতনামা শিল্পী ও ব্যান্ডদল অংশ নেবে।
অনুষ্ঠানটির বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ এবং সার্বিক ব্যবস্থাপনায় আছেন তাহসিন রিয়াজ। এছাড়া বিশেষ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে হুইপ নূর-ই-আলম ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।