দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। মৃতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন, যাদের মধ্যে একজন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ৫৫ শতাংশই নারী।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ২৫২ জন রোগী। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে মোট ২ হাজার ৯৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত মোট ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া দেশের অন্যান্য বিভাগেও ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যু অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মশা নিধনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।