দেশের চিকিৎসাব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানী ঢাকার ওপর চাপ কমিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চীনের সহায়তায় মোট ২০টি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকারি পর্যায়ে (জি-টু-জি) আলোচনার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রস্তাবিত এই প্রকল্প অনুযায়ী, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হাসপাতালগুলো নির্মিত হবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এসব হাসপাতালে মোট ২১ হাজার শয্যা যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। এই উদ্যোগ সফল হলে সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকায় বিশ্বমানের চিকিৎসা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন, যা দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে।