ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে বহিরাগত ভবঘুরে ও মাদকসেবীদের উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের জানিয়েছেন, ক্যাম্পাসের শান্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমাজকল্যাণ অধিদপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ক্যাম্পাসের বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে যেখানে ভবঘুরে ও মাদকসেবীদের আনাগোনা বেশি। এর মধ্যে রয়েছে শাহবাগ থেকে ঢাকা গেট পর্যন্ত মেট্রোরেল সংলগ্ন এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার, কার্জন হল এবং বেশ কয়েকটি ছাত্রী হলের সামনের অংশ। এসব নির্দিষ্ট স্থান নিয়ে একটি খসড়া তালিকা তৈরি করা হচ্ছে।
এ বি জুবায়ের আরও জানান, পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোকেও এই তালিকার অন্তর্ভুক্ত করা হবে। বিষয়টি নিয়ে দ্রুতই সমাজকল্যাণ অধিদপ্তরের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করা হবে, যাতে প্রশাসনিক সহায়তার মাধ্যমে যথাযথ আইনি ও পুনর্বাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।