বিশ্বের বিভিন্ন উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে রাজনৈতিক বিবেচনায় সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার নজির রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রিজভীর মতে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশে পুলিশ কমিশনার থেকে শুরু করে পোস্টমাস্টার জেনারেল পর্যন্ত বিভিন্ন পদে রাজনৈতিক নিয়োগের প্রচলন রয়েছে।
যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে তিনি জানান, সেখানে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়, যা ‘স্পয়লস সিস্টেম’ হিসেবে পরিচিত। বিএনপি নেতা আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়কে বড় করে না দেখে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও দক্ষতার দিকে নজর দেওয়া প্রয়োজন। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বিচার-বুদ্ধি এবং অর্পিত দায়িত্ব পালনের সক্ষমতা আছে কি না, গণমাধ্যমের উচিত সেই বিষয়টিই মূলত যাচাই করা।