গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। তিনি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন যে, ধর্ম মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও দেশের মাজহাবি ঐতিহ্যের প্রতি তার অবস্থান যেন গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
ছারছীনার পীর বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ এবং এখানকার ধর্মপ্রাণ মানুষ তাদের ঈমান ও আক্বীদা নিয়ে অত্যন্ত সচেতন। তাই মাজহাববিরোধী কোনো ব্যক্তিকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে বসানো দেশের তৌহিদি জনতার ধর্মীয় অনুভূতির পরিপন্থী। তিনি সরকারের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটের মূল উদ্দেশ্য হলো দেশের দ্বীন ও আদর্শের সুরক্ষা, যা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিফলিত হওয়া জরুরি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ধর্ম মন্ত্রণালয় শুধুমাত্র একটি প্রশাসনিক দপ্তর নয়, বরং এটি হজ ব্যবস্থাপনা, মসজিদ-মাদরাসা ও ওয়াক্ফসহ মুসলিম সম্প্রদায়ের স্পর্শকাতর বিষয়ের সাথে জড়িত। তাই দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের আস্থাশীল একজন ব্যক্তিকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।