July 2, 2026, 5:35 am

প্রবাসীদের স্বার্থ রাখতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Friday, May 1, 2026
  • 12 Time View
প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারা দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এক শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘আমাদের ভাইয়েরা ভাগ্য পরিবর্তনের আশায় ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে। দালাল ও সিন্ডিকেটের কারণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় তিন-চার গুণ বেশি টাকা খরচ হচ্ছে।

অথচ বিদেশে গিয়ে তারা অমানবিক জীবনযাপন করছে।’ 

দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রবাসীদের “রেমিট্যান্স যোদ্ধা” বললেও প্রাপ্য মর্যাদা দিই না। পাসপোর্ট রিনিউ করতে গিয়ে তারা হয়রানির শিকার হয়। দূতাবাসগুলো কর্মকর্তা লালন-পালনের জন্য নয়, বরং জনগণের স্বার্থের জন্য।

যদি তারা প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারে, তবে সেখানে দূতাবাসের কোনো প্রয়োজন নেই।’ 

শ্রমিক দিবসের দীর্ঘ ইতিহাস টেনে জামায়াত আমির বলেন, শিকাগোর ঘটনার ১৪০ বছর পার হলেও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়নি। রাজনৈতিক নেতারা কেবল ১ মে এলে দরদি সাজেন এবং শ্রমিক আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। নেতাদের ভাগ্য বদলালেও সাধারণ শ্রমিকের কষ্ট থেকেই যায়।

 

মালিক-শ্রমিক সম্পর্কের বিষয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আমরা শ্রেণি-সংগ্রামের নামে মালিকপক্ষকে শত্রু মনে করার রাজনীতিতে বিশ্বাসী নই। মালিক না থাকলে শ্রমিক কাজ পাবে না। তাই মালিককে শ্রমিকের ওপর ইনসাফ করতে হবে এবং শ্রমিককেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’ পারস্পরিক শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই শ্রমিকের প্রকৃত মুক্তি সম্ভব বলে মন্তব্য শফিকুর রহমান।

সরকারকে শ্রমিকদের প্রকৃত মর্যাদা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com