July 1, 2026, 10:12 pm
Title :
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

মাদকাসক্ত ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

Reporter Name
  • Update Time : Monday, May 11, 2026
  • 41 Time View
বিশ্ব মা দিবসে ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের হামলায় প্রাণ হারিয়েছেন এক মা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই তরুণের বাবা ও বোন। রবিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম লাকি বেগম (৪০)।

তিনি স্থানীয় বাসিন্দা মো. মোস্তফার (৪৫) স্ত্রী। এ হামলার ঘটনায় মোস্তফার পাশাপাশি আহত হয়েছেন তাদের মেয়ে মিথিলা (১৮)। অভিযুক্ত ছেলে রাফিকে (২১) স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রাফি হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালান।

এতে ঘটনাস্থলেই নিহত হন লাকি বেগম। হামলায় গুরুতর আহত হন তার স্বামী ও মেয়ে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রাফিকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
 

মা দিবসে মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা রাতুল বলেন, যে সন্তানের জন্য একজন মা সারাজীবন ত্যাগ স্বীকার করেন, সেই সন্তানের হাতেই মায়ের এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

রাফির চাচাতো ভাই এমরান হোসেন বলেন, রাফি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িয়ে গেছে। প্রায়ই সে মাদকের টাকার জন্য পরিবারের সঙ্গে ঝামেলা করত। আজও সম্ভবত মাদকের টাকার জন্য এ ধরনের নৃশংস ঘটনা ঘটিয়েছে।

 

আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, রাফি একজন বখাটে ও মাদকাসক্ত। প্রায়ই পরিবারের সঙ্গে মাদকের টাকার জন্য ঝামেলা করত। আজকের ঘটনাটি সে খুব ঠান্ডা মাথায় করেছে বলে ধারণা করা হচ্ছে। আটকের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com