২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সংস্কৃতি অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)। অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের নামও আছে। রোববার দুপুরে (২৬ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন। অভিযোগকারীদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহ্যমান শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় সংগঠক মহাসিন এবং জুলাই মাসে আহত আবু বকর ছিদ্দিক ওরফে তুহিন ফরাজীর নামও রয়েছে।
অভিযুক্তদের মধ্যে আছেন—অভিনেতা আসাদুজ্জামান নূর, আজিজুল হাকিম, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, জায়েদ খান, সাজু খাদেম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, হিরো আলম, সুজাতা আজিম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, মোমিন মেহেদী ও সোমা ইসলাম।
হিরো আলম অভিযোগের খবর প্রকাশিত হলে জাগো নিউজকে বলেন, যেখানে ছিলাম, কী করেছি ও কোন স্থানে উপস্থিত ছিলাম—এসবের ভিডিও, ছবি এবং অন্যান্য প্রমাণ তার কাছে আছে। তিনি বলেন, যদি কারও পক্ষ থেকে মিথ্যা, ভিত্তিহীন বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো দাবি তোলা হয় বা কোনো বিকৃত বা ভুয়া ফুটেজ প্রচার করে তাকে জড়ানোর চেষ্টা করা হয়, তা আইনি পথে মোকাবিলা করবেন। সাথে তিনি বলেন, সমস্ত প্রমাণ প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত আছি এবং কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ালে তিনি তার আইনগত অধিকার প্রয়োগ করে ব্যবস্থা নেবেন। অভিযোগে দায়েরকৃত কেসে এসডিএফ দাবি করেছে—জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের জন্য এ অভিযোগ দাখিল করা হয়েছে।