মালয়েশিয়ায় নিত্যপণ্যের ক্রমবর্ধমান উচ্চমূল্য এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সাথে তাল মিলিয়ে ন্যূনতম মাসিক মজুরি তিন হাজার ১০০ রিঙ্গিতে নির্ধারণের জোরালো দাবি জানিয়েছে মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি)। সংগঠনটির মহাসচিব কামারুল বাহারিন মনসুর জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কর্মীদের শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন বেতন কাঠামো অত্যন্ত জরুরি। তারা মনে করেন, কেবল নিম্ন আয়ের কর্মীদের নয়, বরং মধ্যম আয়ের কর্মীদের জন্যও এই মজুরি নীতি বিস্তৃত করা প্রয়োজন, যা কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।
জাতীয় মজুরি পরামর্শ আইন অনুযায়ী প্রতি দুই বছর অন্তর মজুরি পুনর্নির্ধারণ করা বাধ্যতামূলক। সেই নিয়ম মেনে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার কথা থাকলেও, শ্রমিকদের আর্থিক সংকট বিবেচনায় দ্রুত এই ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছে এমটিইউসি। অনেক কর্মী দীর্ঘ এক দশক চাকরি করেও নামমাত্র বেতন পাওয়ার মতো হতাশাজনক পরিস্থিতির শিকার হচ্ছেন বলে সংগঠনটি অভিযোগ করেছে। এদিকে, মানবসম্পদমন্ত্রী আর রামানান জানিয়েছেন যে সরকার বর্তমান ন্যূনতম এক হাজার ৭০০ রিঙ্গিত বেতন পর্যালোচনা করছে এবং দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।