রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সের দুটি জুয়েলারি দোকান থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী আত্মগোপনে রয়েছেন। পুলিশ বলছে, পরিকল্পিত এ চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দারুস সালাম থানাধীন শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত আল রাজ্জাক জুয়েলার্স থেকে ২০০ ভরি এবং এ হোসেন জুয়েলার্স থেকে ৫৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের পাশাপাশি আরও কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারেন। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্য, মার্কেটের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি জুয়েলারি দোকানগুলোর পক্ষ থেকেও একজন নিরাপত্তাকর্মী রাতে দায়িত্বে ছিলেন। তাকে মিষ্টির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অচেতন করার অভিযোগ পাওয়া গেছে। এরপর দুর্বৃত্তরা দুটি দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে যায়।
আল রাজ্জাক জুয়েলার্সের মালিক জসিম উদ্দিন বলেন, মার্কেটের সিসিটিভি ফুটেজে কয়েকজন নিরাপত্তাকর্মীকে চুরির ঘটনায় অংশ নিতে দেখা গেছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।