সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামানকে তিনদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিনদিনের অনুমতি দিয়েছেন।
এর আগে গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।