পটুয়াখালীর কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিশুর মায়ের সঙ্গে অশালীন আচরণ ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজের বিরুদ্ধে। ভুক্তভোগী মোর্শেদা বেগম জানান, অসুস্থ সন্তানকে নিয়ে সরকারি হাসপাতালে গেলে চিকিৎসক রিয়াজ তার ব্যক্তিগত ভিজিট হিসেবে ৫০০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই চিকিৎসক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রেসক্রিপশন দিতেও অস্বীকার করেন।
স্থানীয়দের মতে, এই চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় এবং পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য বাধ্য করার অভিযোগ নতুন নয়। এর আগেও চিকিৎসার অবহেলা ও দুর্ব্যবহারের বিষয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত রিয়াজ এ ধরনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। এদিকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিঞা। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি হাসপাতালে সেবা দেওয়ার জন্য কোনো ফি নেওয়ার সুযোগ নেই এবং তদন্তে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।