যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা দেখেছি এবং খেলার প্রতি তাদের যে আকৃষ্টতা রয়েছে একজন ক্রিয়াবিদ হিসেবে মনে করি তাদের মামলা সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের ব্যক্তিগত যে লয়ার রয়েছে তাদের মাধ্যমে আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে দেশের মাঠে এসে খেলে অবশ্যই এটাতে তাদেরকে ওয়েলকাম করবো।
আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে যদি নিরপরাধ হন, সবকিছু কিউর করে যদি আপনারা মাঠে আসেন মোস্ট ওয়েলকাম। আমরা এটুকুতে শতভাগ নমনীয় থাকবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমাদের দেশ গড়ার পরিকল্পনার ভিতরে যে আটটি সাবজেক্ট রয়েছে সেই আটটির ভিতরে স্পোর্টস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই।
কারণ খেলাধুলা এমন একটি জায়গা যে দল মত নির্বিশেষে একটি জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি। সেখানে আমরা সবাই বাংলাদেশী হয়ে একটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি।
আমিনুল হক আরো বলেন, আমাদের জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করবো। পাশাপাশি নতুন করে স্পোর্টসের কর্মসূচিটি নিয়ে চেষ্টা করছি যে, ঈদের পরপরই উপজেলা জেলা বিভাগীয় লেভেলে আমরা শুরু করে দিতে পারি।
সেটি একদম ইউনিয়ন লেভেল থেকে আমরা শুরু করবো।