কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত এলাকায় রোববার (২৬ জুলাই) সকালে চারজনকে জোরপূর্বক সীমান্তে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যা আটকে দেয় সীমান্তরক্ষী বাহিনী। ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে একজন নারী বলছেন তাঁর কাছে আধারসহ ভারতীয় কাগজপত্র রয়েছে, তবু তাঁকে ‘বাংলাদেশি’ বলে এখানে ফেলে দেওয়া হয়েছে। ভিডিওতে তিনি হিন্দিতে বলেন, ‘মুম্বাই মে ভেজ দো’—অর্থাৎ তাঁকে মুম্বাইয়ে পাঠিয়ে দিতে বলছেন, কারণ তাঁর স্বামী সেখানে থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিডিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম। তিনি জানান, এক নারী ও তিন শিশুসহ চারজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলে। সালদানদী বিওপির নিয়মিত টহলদল শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করেন এবং বিজিবি সদস্যরা অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেন।
ব্যাটালিয়ন অফিসার আরও বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং এই ধরনের চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। জাহিদ পাটোয়ারী/এসআর