হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ফের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি কোনোভাবেই ইরানকে বিশ্বাস করেন না। ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সম্পূর্ণ বিপরীত দাবি করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্য উপসাগরে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ উপস্থিত নেই।
ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি দাবি করেছেন যে, অতীতের তুলনায় মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ-শক্তির উপস্থিতি ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের ওপর কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব বিশ্বজুড়ে বিস্তৃত মার্কিন স্বার্থ ও বৈশ্বিক অবকাঠামোর ওপর পড়বে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উত্তজনা এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ভয়াবহ সংকট দেখা দিয়েছে, যেখানে দৈনিক চলাচলকারী জাহাজের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে এসেছে।