দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫৩৩টি উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসার ব্যবস্থা করা হলে সাধারণ মানুষকে গুরুতর অসুস্থতা ছাড়া জেলা শহরে ছুটতে হবে না। খুব দ্রুতই এই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থান নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, দেশের এক কোটি ২০ লাখ প্রাথমিক শিক্ষার্থীর জন্য পোশাক ও শিক্ষা উপকরণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে চীনা বিনিয়োগের মাধ্যমে শিল্পকারখানা স্থাপনের কাজ চলছে, যা তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তবে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।