শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে ব্যাংকটির দায়িত্ব নতুন পর্ষদের হাতে তুলে দেওয়া হয়। এর মাধ্যমে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর তৃতীয় ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার করে নতুন ব্যবস্থাপনার অধীনে আনা হলো।
আর্থিক সংকট মোকাবিলা ও আমানতকারীদের আস্থা ফেরাতে সরকার ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে। প্রশাসনিকভাবে ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হস্তান্তর প্রক্রিয়া চললেও, প্রযুক্তিগত একীভূতকরণ সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বর্তমানে আইটি অবকাঠামোর সমন্বয় না হওয়ায় আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আগের ব্যাংকের নামই ব্যবহৃত হচ্ছে। তবে প্রযুক্তিগত কাজ শেষ হলে পাঁচটি ব্যাংক পুরোপুরি বিলুপ্ত হয়ে একটি একক ব্র্যান্ড হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।