জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি কখনোই ভুলবে না এবং তাদের এই অবদানের ঋণ শোধ করার সাধ্য কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন ও শান্তিময় রাষ্ট্র গঠন, যেখানে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, শহীদদের স্বপ্নের সেই দেশ গড়তে কেবল তাদের স্মরণ করাই যথেষ্ট নয়, বরং বেঁচে থাকা প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে তিনি বাংলাদেশ স্কাউটসের ১০ জন শহীদের পরিবারের হাতে আর্থিক অনুদান ও সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা দেশের প্রয়োজনে স্কাউটসহ তরুণ প্রজন্মের ভূমিকাকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।