সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার জেরে গাজীপুরের কালীগঞ্জে আব্দুল্লাহ আল মারুফ নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলাধীন জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
রোববার সকালে অভিযুক্ত ওই নেতার মাদক সেবনের ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়, যা স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনার জন্ম দেয়। বিষয়টি দ্রুত উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতাদের নজরে এলে তারা ত্বরিত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
উপজেলা ছাত্রদলের নেতৃত্ব স্পষ্ট করেছে যে, সংগঠনটি মাদকমুক্ত এবং শৃঙ্খলা রক্ষায় আপসহীন। দলটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, কোনো কর্মী কিংবা নেতা যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ান, তবে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। একইসঙ্গে আব্দুল্লাহ আল মারুফের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।