৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস’ (বিজ)। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই অনুষ্ঠানে সারাদেশের প্রায় ৫ হাজার কর্মকর্তা ও কর্মী অংশ নেন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংস্থাটির পাঁচ দশকের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করা হয় আয়োজনে। অনুষ্ঠানে বিজের প্রতিষ্ঠাতা ও সিনিয়র অ্যাডভাইজার সাইফুল ইসলাম রবিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি মাইক্রোফাইন্যান্স খাতের শৃঙ্খলা বজায় রাখা এবং সঠিক নীতি প্রণয়নের ওপর জোর দেন। তিনি আরও জানান, এমএফআই কর্মীদের সাপ্তাহিক ছুটি ও বেতন কাঠামোসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নতুন আইন তৈরির প্রক্রিয়া চলছে। এছাড়া অনুষ্ঠানে বিজের দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ ও ভিশন তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলসহ অন্যান্য অতিথিরা। বর্তমানে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে।