রাজধানীর ভাসানটেক, কড়াইল এবং সাততলা বস্তির প্রায় এক হাজার অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দিনব্যাপী এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করে তাদের বিনামূল্যে অপারেশনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
শনিবার আয়োজিত এই সেবা কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ ফাউন্ডেশনের শীর্ষ স্থানীয় কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা। আয়োজকরা জানান, দরিদ্র মানুষেরা আর্থিক সংকটের কারণে চোখের সমস্যায় ভুগলেও সঠিক চিকিৎসা নিতে পারেন না। সেই মানবিক দিক বিবেচনা করেই তারা এই উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।