চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) বড় ধরনের রদবদল আনা হয়েছে। বাহিনীর সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোট পাঁচজন পরিদর্শককে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে নূর আহমদকে কর্ণফুলী থানায়, মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানায়, ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায়, মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানায় এবং মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া মো. জাহেদুল ইসলামকে সিটিএসবির পরিদর্শক এবং মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।