দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্য অলংকারের নতুন মূল্যতালিকা কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৩১ আগস্ট সকাল থেকে এই নতুন দর কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্যেই কেনাবেচা চলবে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের তথ্যমতে, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের জন্য গ্রাহকদের গুনতে হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। একইসাথে ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দাম যথাক্রমে ৪ হাজার ৯৫৭ টাকা, ৪ হাজার ২৫৭ টাকা এবং ৩ হাজার ২০৮ টাকা ধার্য করা হয়েছে।