দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এটি বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরির ঘটনা। এর আগে রাকিবুল হাসান এবং তামিম ইকবাল এই মাইলফলক স্পর্শ করলেও বিদেশে এমন কৃতিত্ব অর্জনে হৃদয়ই প্রথম।
এই ইনিংসের মাধ্যমে হৃদয় দেশের ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। ২০০৩ সালে শাহরিয়ার হোসেন বিদ্যুতের করা ২১৮ রানের রেকর্ড ছাপিয়ে তিনি আজ নতুন উচ্চতায় পৌঁছেছেন। ১০ নম্বর ব্যাটার রেজাউর রহমান রাজার সহযোগিতায় ৪৫০ বলে ৩০০ রানের এই চোখ ধাঁধানো ইনিংস খেলেন হৃদয়। এছাড়া, দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো বিদেশি ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি হিসেবেও রেকর্ডবুকে নাম লিখিয়েছে।