যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে এমভি উবন নারি নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০৩-এর আওতায় এই গম আমদানি করা হয়েছে। এর আগে একই চুক্তির প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে পৌঁছেছিল।
জাহাজে আনা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট আমদানিকৃত গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে, জি টু জি-০১ এবং জি টু জি-০২ চুক্তির আওতায় যথাক্রমে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন ও ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন। সবমিলেয়ে মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।
বাংলাদেশে বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। ফলে চাহিদা পূরণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিপুল পরিমাণ গম বিদেশ থেকে আমদানি করতে হয়।