বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম চট্টগ্রাম সফরে আসছেন। আগামী ৯ আগস্ট অনুষ্ঠেয় এই একদিনের ঝটিকা সফরে তিনি বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী এবং কক্সবাজারের মহেশখালীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তার এই সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানস্থল ও হেলিপ্যাডসহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
সফরের শুরুর দিকে প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। এরপর বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এছাড়া ফটিকছড়িতে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং হাটহাজারীতে প্রয়াত আলেমদের কবর জিয়ারত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী।
দিনের শেষভাগে প্রধানমন্ত্রী চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে স্থানীয় বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রায় ৬০০ নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত এই সভায় তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে, যেখানে দলের সাংগঠনিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রধানমন্ত্রীর এই সফরকে রাজনৈতিক ও প্রশাসনিক উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।